শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে নারায়ণগঞ্জে শিশু ও মায়েদের মধ্যে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর শীতলক্ষ্যা এলাকার শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দিরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা এবং নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও ‘প্রভাত’-এর উপদেষ্টা লিটন চন্দ্র পাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও ‘প্রভাত’-এর ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার সেরাওগী সুমন।
আয়োজকেরা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের হাতে বস্ত্র ও নগদ অর্থ তুলে দেওয়ার মাধ্যমে উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের মানবিক কর্মসূচি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এ উদ্যোগে শিশু ও মায়েদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধের বার্তা তুলে ধরা হয়।

