৮৩ বছর বয়সেও কাজের ব্যস্ততায় কোনো বিরতি নেই বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিংয়ের সময় পড়ে গিয়ে বাঁ হাঁটুতে আঘাত পেয়েছিলেন তিনি। সেই ঘটনার মাত্র দুদিন পরই ফের প্রকাশ্যে দেখা গেল ‘বিগ বি’কে।
২ অক্টোবর মুম্বাইয়ের একটি বই প্রকাশ অনুষ্ঠানে স্ত্রী জয়া বচ্চন ও বর্ষীয়ান লেখক-গীতিকার গুলজারের সঙ্গে হাজির হন অমিতাভ। অনুষ্ঠানে তাকে স্বাভাবিকভাবেই হাঁটতে দেখা যায়। এমনকি গাড়ি থেকে ওঠা-নামার সময়ও কারও সাহায্য নেননি অভিনেতা।
এর আগে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি পর্বে নিজের চোটের কথা জানিয়েছিলেন অমিতাভ। সাধারণত অনুষ্ঠানের শুরুতে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে কথা বলেন তিনি। কিন্তু ওই পর্বে তাকে বসেই অনুষ্ঠান শুরু করতে দেখা যায়।
এর কারণও নিজেই জানান অমিতাভ। অভিনেতা বলেন, আগের দিন শুটিংয়ের সময় তিনি পিছলে পড়ে যান এবং বাঁ হাঁটুতে চোট পান। এ কারণে দাঁড়িয়ে থাকতে কিছুটা সমস্যা হচ্ছিল। তবে দর্শকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান, চোট গুরুতর নয়।
অমিতাভ আরও জানান, প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় তিনি দাঁড়াবেন। তবে অনুষ্ঠানের শুরুতে বসে দর্শকদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে হাঁটুর ওপর অতিরিক্ত চাপ না পড়ে।
চোট পাওয়ার খবর প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই অমিতাভের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয় ভক্তদের মধ্যে। এর মধ্যেই বই প্রকাশ অনুষ্ঠানে তাকে নিজের পায়ে হাঁটতে দেখে স্বস্তি পেয়েছেন অনুরাগীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অমিতাভের কাজের প্রতি নিষ্ঠা ও নিয়ম মেনে চলার প্রশংসা করেছেন। কেউ কেউ লিখেছেন, ৮৩ বছর বয়সেও তার কর্মস্পৃহা অনুপ্রেরণার। আবার অনেকে তার পরিশ্রম ও শৃঙ্খলাবোধের প্রশংসা করে শ্রদ্ধা জানিয়েছেন।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পাওয়া অমিতাভ এখনো নিয়মিত কাজ করে যাচ্ছেন। বয়স ও সাম্প্রতিক চোটও যে তার কাজের গতিতে বড় কোনো বাধা হয়ে দাঁড়ায়নি, বই প্রকাশ অনুষ্ঠানে তার উপস্থিতিই যেন তার প্রমাণ।

