নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা, রূপার গহনা, স্বর্ণের নাকফুলসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বন্দরের সোনাচড়া এলাকার ঢাকেশ্বরী বাজারে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দল দোকানে ঢুকে দোকানদার ও সেখানে থাকা এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা দোকান থেকে স্বর্ণালংকার, রূপার গহনা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আনুমানিক ২৬ লাখ ৪৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতির পুরো ঘটনা দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে।
ঘটনার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় বন্দর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক দল মাঠে নামে। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সূত্রের মাধ্যমে তদন্তের পাশাপাশি শুরু হয় ধারাবাহিক অভিযান।
এরই ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর দিবাগত রাত ২টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—বন্দরের সোনাচড়া এলাকার আনোয়ার হোসেন ওরফে আলী হোসেন (৩২), মিজান (২৬), উত্তর লক্ষণখোলা এলাকার অনিক (২২), মুন্সিগঞ্জ সদর উপজেলার শোলারচরের সুমন বেপারী (৩৮) এবং সোনাচড়া ২৬ নম্বর ওয়ার্ডের রাজু আহমেদ (২৪)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে তিনজন সরাসরি দোকানে ঢুকে ডাকাতিতে অংশ নেয়। অপর দুইজন দোকানের বাইরে অবস্থান করে সহযোগিতা করেছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আনোয়ার হোসেনের বিরুদ্ধে পেনাল কোডের বিভিন্ন ধারায় একটি মামলা বিচারাধীন রয়েছে। মিজানের বিরুদ্ধে তিনটি ডাকাতি মামলা, অনিকের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা এবং রাজু আহমেদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা আদালতে বিচারাধীন।
যা যা উদ্ধার
অভিযান চালিয়ে গ্রেপ্তারদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ও ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩ হাজার ৭০০ টাকা, ১২ ভরি রূপার গহনা, তিন জোড়া নুপুর, দুটি চুড়ি ও পাঁচটি আংটি।
এ ছাড়া স্বর্ণ ও রূপার প্রলেপ দেওয়া দুটি রুলি (চুড়ি) এবং একটি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়েছে।
ডাকাতির সময় ব্যবহৃত একটি ১৮ ইঞ্চি লম্বা দেশীয় তৈরি ছুরি, একটি ১২ ইঞ্চি ছুরি এবং একটি চাইনিজ কুড়ালও জব্দ করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতদের পরনে থাকা শার্ট, গেঞ্জি ও প্যান্টও আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

