নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) পাশে থাকবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ আয়োজিত নবীনবরণ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, শিক্ষাক্ষেত্রে নারীরা এখন কোনো অংশেই পিছিয়ে নেই। বিভিন্ন পরীক্ষার ফলাফল ও জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও মেয়েরা ভালো করছে। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেবে।
তিনি বলেন, ‘আমাদের স্বপ্ন—এই কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে দেশের মেয়র, সংসদ সদস্য, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হয়ে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে।’
নবীন শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষাজীবনে এসএসসি ও এইচএসসি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ধাপ। ইন্টারমিডিয়েটে ভালো ফলাফল করতে পারলে জীবনের গতিপথ বদলে যেতে পারে। নারীদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য, যাতে তারা বিশ্বদরবারে বাংলাদেশকে আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তুলে ধরতে পারে।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে নাসিক প্রশাসক বলেন, পরিবার থেকে শুরু করে কর্মক্ষেত্র—সব জায়গাতেই নারীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। নারীদের বাদ দিয়ে একটি উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব নয়।
এ সময় নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রীদের ক্রিকেট প্রশিক্ষণের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে একজন নারী ক্রিকেট কোচ নিয়োগের ঘোষণা দেন তিনি। কলেজ মাঠে ওই কোচ নিয়মিত শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন বলেও জানান।
কলেজের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, কলেজের পুরোনো গেটের স্থানে সিটি করপোরেশনের উদ্যোগে আধুনিক ও দৃষ্টিনন্দন গেট নির্মাণ করা হবে। পাশাপাশি অভিভাবকদের বসার জন্য কলেজের পাশে টিনশেড নির্মাণ, রাতে চলাচলের জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা, আশপাশের জলাবদ্ধতা নিরসন এবং উন্নতমানের নারী পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে দেশকে অগ্রাধিকার দিতে হবে। সবার আগে বাংলাদেশ—এই চেতনা ধারণ করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।’
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

