পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী হাসান রাহিমকে আবারও দেখা গেল বরের সাজে। কিন্তু কনেকে তার পাওয়া হলো না। প্রেমের কল্পনায় ডুবে থাকা হাসান শেষ পর্যন্ত জানতে পারেন, যে তরুণীকে ঘিরে তার এত স্বপ্ন তিনি বিয়ে করছেন অন্য একজনকে।
কোক স্টুডিও নুওয়েভের দ্বিতীয় গান হিসেবে শুক্রবার প্রকাশ পেয়েছে হাসান রাহিম, ইজ্জচুগতাই ও উমাইর তাহিরের ‘রঙ্গীন’। গানটির সংগীতচিত্রে ভালোবাসা, আকাঙ্ক্ষা ও তারুণ্যের প্রেমকে রঙিন এক কল্পনার জগতে তুলে ধরা হয়েছে। সেখানেই দেখা গেল এই মজার দৃশ্য।
সংগীতচিত্রের শুরুতে লাহোরের বসন্ত উৎসবের আবহে ছাদে দেখা যায় হাসান রাহিমকে। চারপাশে উড়ছে ঘুড়ি, আর উৎসবের ব্যস্ততায় মুখর পরিবেশ। সেখানেই দূর থেকে এক তরুণীকে দেখতে পান তিনি। মডেল সুকাইনা জায়েদির অভিনয়ে সেই তরুণীকে দেখার পর হাসানের কল্পনায় শুরু হয় এক প্রেমের গল্প।
এরপর কল্পনার জগতে সেই প্রেম এগিয়ে যেতে থাকে। তরুণীর সঙ্গে পরিচয়, সম্পর্ক ও ভালোবাসার নানা মুহূর্ত নিজের মনে সাজিয়ে নেন হাসান। গানের কথাতেও ফুটে ওঠে সেই আবেগ। প্রিয় মানুষের গল্পকে নিজের রক্ত দিয়ে রঙিন করে তোলার আকাঙ্ক্ষা।
গল্পে নতুন মাত্রা যোগ করেন ইজ্জচুগতাই। তার চরিত্র যেন বাস্তবতার প্রতিনিধি। তিনি বুঝতে পারেন, হাসান যে তরুণীকে নিয়ে এত স্বপ্ন দেখছেন, সেই তরুণীর আসলে এ বিষয়ে কোনো আগ্রহই নেই। একপর্যায়ে হতাশ হাসানকে বাস্তবতা বোঝাতেও দেখা যায় তাকে।
সংগীতচিত্রটির নির্মাণে পরিচালক আরহাম ইকরাম ইচ্ছাকৃতভাবেই কল্পনা ও বাস্তবতার মধ্যে সীমারেখা ঝাপসা রেখেছেন। মঞ্চসজ্জায় ব্যবহার করা হয়েছে পুরোনো দিনের দেয়াল, নকশা করা টাইলস, পুরোনো কম্পিউটার, সিডি, ক্যাসেট ও চলচ্চিত্রের পোস্টার। সব মিলিয়ে তৈরি হয়েছে দুই হাজার দশকের শুরুর দিকের নস্টালজিক আবহ।
এরপর গল্পে আসে বিয়ের আয়োজন। গোলাপি রঙের ঝলমলে রিকশায় মাকে সঙ্গে নিয়ে একটি বাড়ির দিকে যেতে দেখা যায় হাসানকে। সঙ্গে ছিলেন ইজ্জচুগতাই ও উমাইর। বাড়িটি তখন বিয়ের সাজে সেজে উঠেছে। চারপাশে রঙিন আলো, জানালা-দরজা ও বারান্দায় ঝুলছে আলোকসজ্জা।
এরপর শেহনাইয়ের সুরে প্রকাশ পায় আসল ঘটনা। যে তরুণীকে নিয়ে এতক্ষণ হাসান রাহিম প্রেমের স্বপ্ন দেখছিলেন, তারই বিয়ে হচ্ছে অন্য একজনের সঙ্গে। ফলে মুহূর্তেই বদলে যায় পুরো গল্পের আবহ।
তবে এই ঘটনাকে কেবল হৃদয়ভাঙার গল্পে আটকে রাখেননি নির্মাতা। বরং হাস্যরস ও কল্পনার মিশেলে গল্পটিকে এগিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে আবারও বরের সাজে দেখা যায় হাসান রাহিমকে।
হাসানের বরের সাজ দেখে অনুরাগীদের অনেকেরই মনে পড়ে গেছে তার আগের একটি সংগীতচিত্রের প্রচারণার কথা। ‘মেমোরিজ’ নামের সেই গানের প্রচারণার সময়ও এমনভাবে প্রচার চালানো হয়েছিল যে অনেকেই ভেবেছিলেন, সত্যিই বুঝি বিয়ে করে ফেলেছেন হাসান। পরে জানা যায়, সেটিও ছিল প্রচারণার অংশ।
এবারও হাসানের বরের সাজ দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মজা। এক অনুরাগী লিখেছেন, ‘নকল বিয়ে আপনার খুব পছন্দ।’ আরেকজনের মন্তব্য, ‘মেমোরিজের স্মৃতি আবারও মনে পড়ে গেল।’ কেউ কেউ তো প্রশ্ন তুলেছেন, নকল বিয়ের প্রতি হাসানের এই ঝোঁক কি তবে এক ধরনের আসক্তি!
‘রঙ্গীন’ গানটি তৈরি হয়েছে হাসান রাহিম, ইজ্জচুগতাই ও উমাইর তাহিরের যৌথ আয়োজনে। কোক স্টুডিও নুওয়েভের নির্বাহী প্রযোজক কামাল খান জানান, গানটি তৈরি করার সময় শিল্পীরা নিজেদের জগত সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে কাজ করেছেন। আরহাম ইকরাম হাসানকে ভালোভাবে চেনেন বলেই তার অভিনয় ও সংগীতচিত্রের আবহ সহজেই ফুটিয়ে তুলতে পেরেছেন বলেও মন্তব্য করেন তিনি।
কোক স্টুডিও নুওয়েভের প্রথম আসরে সামনে আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীর গান আসছে। তাদের মধ্যে রয়েছেন আসিম আজহার, মানু, সাবাত বাতিন, শায়ে গিল, ইয়াং স্টানার্স ও আরিয়ান এসডিকিউ।

