রণভীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ নিয়ে বলিউডের একাধিক তারকা আগেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ছবিটির সাফল্য নিয়ে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন অক্ষয় কুমার, করণ জোহর, আলিয়া ভাট, হৃতিক রোশনসহ অনেক তারকা। তবে এত দিন এ নিয়ে নীরব ছিলেন শাহরুখ খান। অবশেষে সেই নীরবতা ভাঙলেন বলিউডের বাদশা।
মঙ্গলবার অনুরাগীদের সঙ্গে সমাজমাধ্যমে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শাহরুখ। সেখানেই এক অনুরাগী সরাসরি তাঁকে প্রশ্ন করেন, তিনি ‘ধুরন্ধর’ দেখেছেন কি না।
জবাবে শাহরুখ জানান, ছবিটির দুই পর্বই তার দারুণ লেগেছে। শুধু তাই নয়, ছবির পুরো দলের কাজেরও প্রশংসা করেন তিনি। শাহরুখের এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই ‘ধুরন্ধর’ নিয়ে তার এত দিনের নীরবতা নিয়ে তৈরি হওয়া কৌতূহলের অবসান হয়।
আদিত্য ধরের পরিচালনায় ‘ধুরন্ধর’ মুক্তি পায় ২০২৫ সালের ৫ ডিসেম্বর। মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এরপর ২০২৬ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে আসে দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
এর আগে ছবিটির প্রশংসা করেছিলেন বলিউডের একাধিক তারকা। অক্ষয় কুমার, করণ জোহর, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, রিতেশ দেশমুখ, শিল্পা শেঠী, প্রীতি জ়িন্টা, হৃতিক রোশন, অনুপম খের ও রাজকুমার রাওয়ের মতো তারকারা ছবির সাফল্য ও কলাকুশলীদের নিয়ে নিজেদের মতামত জানিয়েছিলেন। দক্ষিণী তারকাদের মধ্যেও রাম চরণ, আল্লু অর্জুন ও বিজয় দেবেরাকোন্ডা ছবিটির প্রশংসা করেন।
তবে সবার নজর ছিল শাহরুখের প্রতিক্রিয়ার দিকে। শেষ পর্যন্ত অনুরাগীর প্রশ্নের জবাবে সেই প্রতিক্রিয়াও জানিয়ে দিলেন তিনি।
এদিকে, বর্তমানে নিজের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভয় বর্মা, রাঘব জুয়াল, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি ও অনিল কপূরসহ আরও অনেকে।

