নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে শুভেচ্ছা স্মারক হিসেবে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সভায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এখানকার সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়।”
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযান জোরদার করায় নবাগত পুলিশ সুপারের প্রশংসা করেন সাংবাদিকরা। একই সঙ্গে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
এ সময় সাংবাদিকরা নারায়ণগঞ্জের তীব্র যানজট, ফুটপাত ও সড়ক দখল, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরেন।
সাংবাদিকদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনে পুলিশ সুপার বলেন, চিহ্নিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার বলেন, “আপনারা মাঠের বাস্তব চিত্র তুলে ধরেন। তথ্য পেলে আমরা দ্রুত অভিযান পরিচালনা করতে পারবো। জনগণের আস্থা অর্জন ও তা সুদৃঢ় করতেই আমরা কাজ করছি।”
তিনি আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

