নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তার ব্যক্তিগত সহকারী ও বিএনপি নেতা সেলিম হোসেন দিপু জানান, বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এমপি আজহারুল ইসলাম মান্নানের চিকিৎসা চলছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত তাকে দেখতে হাসপাতালে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলেও জানা গেছে।
এদিকে, এমপি আজহারুল ইসলাম মান্নানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

