পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায় ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় জেলাবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার আদর্শ প্রতিষ্ঠা করেছেন। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় দূর করতে হবে।
তিনি বলেন, মহানবী (সা.) এতিম, দরিদ্র ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নারী, শিশু, প্রতিবেশী ও শ্রমজীবী মানুষের অধিকার সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। বিদায় হজের ভাষণে তিনি মানবিক মর্যাদা, সাম্য, ন্যায় ও পারস্পরিক দায়িত্ববোধের যে শিক্ষা দিয়েছেন, তা আজও সবার জন্য অনুসরণীয়।
ডিসি রায়হান কবির বলেন, “আসুন, আমরা মহানবী (সা.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় বর্জন করি। শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার করি।”
পরিশেষে তিনি নারায়ণগঞ্জসহ বাংলাদেশ ও বিশ্বের সব মানুষের ওপর মহান আল্লাহর রহমত, বরকত ও শান্তি কামনা করেন।

