মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করে নিরাপদ কাশিপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে সংগঠনটির উদ্যোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুষ্ঠিত হয়েছে বিশাল জনসভা।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ফতুল্লার কাশিপুর বড় মসজিদসংলগ্ন মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের নেতাকর্মী, সমর্থকসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, পুরো নারায়ণগঞ্জের দায়িত্ব নেওয়া সম্ভব না হলেও কাশিপুরকে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংমুক্ত একটি আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলা সম্ভব। অপরাধ যেখানে থাকবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে কোনো পরিবারই নিরাপদ নয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিশোর গ্যাংয়ের মাধ্যমে অর্থের বিনিময়ে অনেক কিশোরকে অপরাধে জড়ানো হচ্ছে উল্লেখ করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
প্রশাসনের সহযোগিতা না পাওয়া গেলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার কথাও বলেন আবদুল জব্বার। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, চলমান সংকটের পেছনে কৃত্রিম সংকটের বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। সংকট নিরসনে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর পশ্চিম সাংগঠনিক থানা জামায়াতের আমীর এবং কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আক্তার হোসেন।
তিনি বলেন, বিভিন্ন গডফাদারের কারণে কাশিপুরে মাদকের বিস্তার ঘটছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুন্দর, নিরাপদ ও অপরাধমুক্ত কাশিপুর গড়ে তুলতে জামায়াত কাজ করছে।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে অ্যাডভোকেট আক্তার হোসেন বলেন, অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে মাদক ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে মাদককে ‘না’ এবং জীবনকে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জাকির হোসাইন এবং শুরা ও কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা এম এ সাইফুদ্দিন মনির।
এছাড়া বক্তব্য দেন মহানগরী জামায়াতের মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ দক্ষিণ সাংগঠনিক থানা আমীর মো. খলিলুর রহমান টিটু, নাসিক ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. তমিজ উদ্দিন সরকার, কাশিপুর মিসবাহুল মিল্লাত মাদরাসা ও এতিমখানার সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল আজিজ, নারায়ণগঞ্জ দক্ষিণ থানা সেক্রেটারি আলী আহাম্মদ, কাশিপুর ১ নম্বর ওয়ার্ডের মো. অলিউল্লাহ এবং ৯ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ডা. তানিসেন।
জনসভায় কাশিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় ওলিউল্লাহ, জাকির হোসেন, মো. শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. শামসুদ্দিন আলম, গোলাম রাব্বি বিশ্বাস, শহিদ হোসেন ভূঁইয়া ও মো. আল-আমীনের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি নাসিক ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. তমিজ উদ্দিন সরকারকেও পরিচয় করিয়ে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ সদর পশ্চিম জামায়াতে ইসলামী সাংগঠনিক থানা সেক্রেটারি মো. সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কাশিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
সমাপনী বক্তব্যে বক্তারা কাশিপুরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংমুক্ত করতে দল-মত নির্বিশেষে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

