নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় মহাসড়কে টায়ার ও বাঁশ-কাঠে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়।
অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে বিক্ষোভকারীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হন বুলবুল আহমেদ। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত বুলবুলের বয়স প্রায় ৩৫ বছর। তিনি বন্দর শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে।
বুলবুল আহমেদ ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বন্দর এলাকার ঘটনাস্থল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন।

