নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় মাজহারুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সুরিয়াবো এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, সুরিয়াবো কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি নিয়ে রউফ মিয়া ও শরীফ মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার এশার নামাজের পর বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শরীফ মিয়ার পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে রউফ মিয়ার পক্ষের ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে অপর পক্ষও পাল্টা হামলা চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
সংঘর্ষে রানী বেগম, মাসুদ মিয়া, রেজাউল ও আবুল হোসেনসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, মসজিদ কমিটি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হতে পারে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

