নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পাতা হেরোইনসহ মো. সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮) নামে এক অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বুধবার (৫ আগস্ট) রাত প্রায় ৯টা ১৫ মিনিটে ফতুল্লা থানার মাহমুদপুর এলাকার নিজাম উদ্দিন রোডের একটি সাততলা ভবনের পাশ থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার সাখাওয়াত হোসেন ওরফে মোহন ফতুল্লা থানার ভূইঘর সরদার বাড়ি এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ১০ পাতা হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তির অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

