নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা একটি মাদক মামলায় মো. মোরসালিন (২০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মোরসালিন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার মাহবুবের ছেলে। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না এবং বর্তমানে পলাতক রয়েছেন।
কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, ২০২৫ সালের ২৮ মার্চ সোনারগাঁ থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সোনাপুর এলাকার একটি পরিত্যক্ত মাদ্রাসার কক্ষ থেকে মোরসালিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের ফেনসিডিল এবং ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত, সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্য পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেন।

