নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১ হাজার ৫১০ পিস ইয়াবাসহ দুই কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে মঙ্গলবার (২১ জুলাই) ভোর আনুমানিক ৬টা ৪৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই নন্দন চন্দ্র সরকার, এসআই শামীম হোসাইন, এসআই রফিক পিপিএম ও সঙ্গীয় ফোর্স ফতুল্লা থানার মাসদাইর বারৈইভোগ খানকার মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি বসতবাড়ির নিচতলার কক্ষ থেকে ১ হাজার ৫১০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০), পশ্চিম মাসদাইর বারৈইভোগ (খানকার মোড়) এলাকার বাসিন্দা এবং মো. রাকিবুল ইসলাম অপু (২৫), ফতুল্লার শিবু মার্কেট ব্যাংকের মোড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের পিসিপিআর (PCPR) যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

