ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে অবশেষে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত খাল খনন কার্যক্রম। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন ‘খাল নগর কর্মসূচি’র অংশ হিসেবে বন্দর উপজেলার ২১নং ওয়ার্ডের দক্ষিণ শাহীমসজিদ এলাকায় সোমবার (১৮ মে) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এই খনন কাজের উদ্বোধন করা হয়।
খনন কার্যক্রমের সূচনা করা হয় ভেকু (খনন যন্ত্র) পরিচালনার মাধ্যমে। পুরো কার্যক্রম সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করেন বন্দর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদ হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বন্দর ফায়ার সার্ভিস ঘাট থেকে মিরকুন্ডি খাল পর্যন্ত প্রায় ২ হাজার ৯১৫ মিটার এলাকায় এই খনন কাজ পরিচালিত হবে। প্রায় ৩ কিলোমিটার বিস্তৃত এই খাল পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এর আগে, গত ৬ মে ত্রিবেনী খাল খনন কাজ উদ্বোধনের মধ্য দিয়ে বন্দর উপজেলায় খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তারই ধারাবাহিকতায় এবার ২১নং ওয়ার্ডে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবু সিকদার, বন্দর ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি কমল আহমেদ বাবু, বন্দর অটো স্ট্যান্ড কমিটির সভাপতি জাকির হোসেন, বন্দর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, খালটি দীর্ঘদিন ধরে ভরাট ও অপরিকল্পিতভাবে দখল হয়ে পড়ায় বর্ষা এলেই পানি নিষ্কাশন ব্যাহত হতো। ফলে এলাকাজুড়ে সৃষ্টি হতো তীব্র জলাবদ্ধতা। তারা আশা প্রকাশ করেন, খনন কাজ সম্পন্ন হলে এলাকাবাসী দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে এবং পরিবেশেরও উন্নতি ঘটবে।

