ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় জালকুড়ি হাইস্কুল মাঠে এ আয়োজন করা হয়।
প্রতিযোগিতাপূর্ণ খেলায় কেরানীগঞ্জ দল ৫-৩ পয়েন্টে নারায়ণগঞ্জ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব বলেন, কাবাডি আমাদের গ্রামীণ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে এবং মাদক থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, আজকের খেলাটি অত্যন্ত সুন্দর ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন হয়েছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে থাকার পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহ দিয়ে যাবে।
এসময় তিনি জালকুড়ি হাইস্কুল মাঠের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে জানান, মাঠের সীমানা প্রাচীর ও ফুটবল গোলপোস্ট স্থাপনে ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপনসহ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।

