ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সাংবাদিকের ওপর হামলা, চাঁদা দাবি ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে জাতীয় পার্টির এক নেতাসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী সাংবাদিক পীর মোহাম্মদ (৩৫) জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত-এর বিশেষ প্রতিনিধি, মোভি বাংলা টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি এবং সোনারগাঁও জার্নালিস্ট ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি রোববার (১ মার্চ) সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চৌধুরীগাঁও এলাকায় নিজ বাড়ির সামনে অবস্থানকালে তিনি হামলার শিকার হন। অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় বাসিন্দা মো. ইকবাল হোসেন (৪৭)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে এসে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে শারীরিক হামলা চালায়।
ভুক্তভোগীর দাবি, ইকবাল হোসেনের হাতে থাকা একটি এসএস পাইপ দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করা হলে তিনি আত্মরক্ষার্থে হাত দিয়ে প্রতিহত করেন। এতে তার ডান হাতে গুরুতর আঘাত লাগে এবং হাড় ভেঙে যায়। একই সময় হামলাকারীরা তার ব্যাগে থাকা ডাচ্-বাংলা ব্যাংক থেকে উত্তোলন করা নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত অবস্থায় তিনি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে পরামর্শক্রমে থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাংবাদিক মহলে এ ঘটনার নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সোনারগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এটি শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, গণমাধ্যমের স্বাধীনতার ওপরও হুমকি। আমরা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।”
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদ হাসান খান অভিযোগের বিষয়ে বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

