দেশের নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবারের জন্য প্রতি মাসে ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে সরবরাহের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এ সুবিধা বছরে ছয় মাস প্রদান করা হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবের কথা জানান।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশে সবার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তবুও এ বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনীয় কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, খাদ্যশস্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকারি খাদ্যগুদামের ধারণক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও টেকসই করা সম্ভব হবে বলে সরকার আশা করছে।

