ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আবারও বিতর্কের কেন্দ্রে আসলেন বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর। সাংবাদিক ও লেখিকা পূজা চাঙ্গোইওয়ালা তার ২০২১ সালে প্রকাশিত উপন্যাস ‘হোমবাউন্ড’ নকল করার অভিযোগে করণ ও আদর পুনাওয়ালার ধর্মা প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং নেটফ্লিক্স এন্টারটেইনমেন্ট সার্ভিসেস ইন্ডিয়া এলএলপি-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। নীরজ ঘেওয়ান পরিচালিত এবং ঈশান খট্টর, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠওয়া অভিনীত একই নামের সিনেমাটি ঘিরেই এই অভিযোগ উঠেছে। এমনকি খুব শিগগিরই তিনি বম্বে হাই কোর্টে মামলা দায়ের করতে চলেছেন। এ বিষয়ে পূজা জানান, আদালতে যাওয়ার আগে তার আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাগুলিকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল।
অন্যদিকে ছবির নির্মাতাদের দাবি, কাহিনিটি সাংবাদিক বশারত পীর-এর ২০২০ সালে নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি। কিন্তু পূজার দাবি, আমার উপন্যাস এবং ছবিটির বিষয়বস্তু—দুটিই ২০২০ সালের কোভিড-পরবর্তী সময়ে অভিবাসী শ্রমিকদের দেশত্যাগের প্রেক্ষাপটে নির্মিত। ছবিটি দেখার পর বুঝতে পারি, প্রযোজকরা শুধু আমার বইয়ের শিরোনামই নেননি, ছবির দ্বিতীয়ার্ধে আমার উপন্যাসের বড় অংশ—দৃশ্য, সংলাপ, বর্ণনার ভঙ্গি, ঘটনার ক্রম ও অন্যান্য সৃজনশীল উপাদান—স্পষ্টভাবে ব্যবহার করা হয়েছে। আইনি পদক্ষেপ হিসেবে পূজা স্থায়ী নিষেধাজ্ঞাসহ একাধিক প্রতিকার চাইতে চলেছেন। এর মধ্যে রয়েছে ছবিটির বিতরণ বন্ধ, কথিত লঙ্ঘনকারী সব উপাদান অপসারণ, ছবির শিরোনাম পরিবর্তন এবং কপিরাইট লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ।

