ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ পবিত্র রমজান মাস শুরুর আগে মুসলিম সম্প্রদায়ের জন্য রোজার সময়সূচি প্রকাশ করা হয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শুরু হবে বিভিন্ন দেশে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি। ভৌগোলিক অবস্থান ও ঋতুর ওপর নির্ভর করে বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময় ভিন্নভাবে নির্ধারিত হয়।
বিশেষজ্ঞরা বলেন, বিষুবরেখার কাছাকাছি দেশগুলোতে রোজা তুলনামূলক কম সময় ধরে রাখতে হয়। অন্যদিকে উত্তর ও দক্ষিণ অক্ষাংশের দেশগুলোতে দিনের দৈর্ঘ্য অনুযায়ী রোজা ১৭ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত হতে পারে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে এবার রোজা প্রতিদিন প্রায় ১৪ ঘণ্টা পালন করা হবে। গ্রিনল্যান্ড ও আলাস্কার মতো দেশগুলোর মুসলিমরা মক্কা ও সৌদি আরবের সময় অনুসরণ করে রোজা রাখার পরামর্শ পান।
উত্তর গোলার্ধের শীত শেষ হওয়ায় বাংলাদেশের মতো দেশগুলোতে রমজানের শুরুতে দিনের দৈর্ঘ্য কিছুটা কম থাকবে। মাস যত এগোবে, দিনের দৈর্ঘ্য ও রোজার সময় ধীরে ধীরে বৃদ্ধি পাবে। দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে প্রথম দিকে দীর্ঘ সময় রোজা রাখতে হবে, তবে মাসজুড়ে এটি ধীরে ধীরে কমবে।
বিশ্বের বিভিন্ন শহরের রোজার সময়সূচি
বাংলাদেশের ঢাকা শহরে প্রথম রোজায় সেহরির শেষ সময় ভোর ৫টা ১৩ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে। অর্থাৎ প্রথম দিনে মোট ১২ ঘণ্টা ৪৩ মিনিট রোজা রাখতে হবে। রমজানের শেষ দিনে সেহরির শেষ সময় ৪টা ৪৭ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। সে হিসাবে শেষ দিনে রোজা হবে ১৩ ঘণ্টা ২৩ মিনিট।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথম রমজানে সেহরির শেষ সময় ভোর ৫টা ৩৭ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। প্রথম দিনে রোজার ব্যাপ্তি ১২ ঘণ্টা ৩৮ মিনিট। শেষ দিনে সেহরির শেষ সময় ভোর ৫টা ৭ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে। অর্থাৎ ১৩ ঘণ্টা ২৬ মিনিট।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রথম রমজানে সেহরির শেষ সময় ভোর ৫টা ২৬ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। প্রথম দিনে রোজা ১২ ঘণ্টা ২৯ মিনিট। শেষ দিনে সেহরির শেষ সময় ভোর ৪টা ৫০ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। রোজা হবে ১৩ ঘণ্টা ২৯ মিনিট।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথম রমজানে সেহরির শেষ সময় ভোর ৬টা ১৭ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে। প্রথম দিনে রোজা ১৩ ঘণ্টা ১১ মিনিট। শেষ দিনে রোজা হবে ১৩ ঘণ্টা ১৫ মিনিট।
শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম দিনে রোজা ১৩ ঘণ্টা ৬ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ১৬ মিনিট।
থাইল্যান্ডের ব্যাংককে প্রথম দিনে ১২ ঘণ্টা ৫৬ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ১৭ মিনিট।
সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৪ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।
কাতারের দোহায় প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৩ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৩ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম দিনে ১২ ঘণ্টা ১৫ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ১৪ মিনিট।
সুইজারল্যান্ডের জুরিখ শহরে প্রথম দিনে ১২ ঘণ্টা ১১ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ৫০ মিনিট।
ইতালির রোমে প্রথম দিনে ১২ ঘণ্টা ১৯ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ৪০ মিনিট রোজা পালন করতে হবে।
বড় দেশগুলো যেমন রাশিয়া ও চীনে দেশের বিভিন্ন প্রান্তের রোজার সময়ের পার্থক্য লক্ষ্য করা যায়। বাংলাদেশেও জেলায় জেলায় সময়ের সামান্য তারতম্য দেখা যায়।
রোজা পালনকারীদের জন্য দেশের সংশ্লিষ্ট ইসলামিক কর্তৃপক্ষের নির্দেশ ও স্থানীয় সূর্যোদয়-সুর্যাস্ত সময় অনুসরণ করাই উপযুক্ত।

