ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ শাবান মাসের আমলগুলোর মধ্যে অন্যতম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত হলো নফল রোজা পালন করা। বিশেষ করে মাসের মধ্যভাগে তথা ‘আইয়ামে বিজ’-এর তিনটি রোজা রাখার গুরুত্ব অপরিসীম।
শাবান মাসে অধিক রোজা রাখা এবং বিশেষ করে আইয়ামে বিজের (মাসের মধ্যভাগের ৩ দিন) রোজা রাখার ব্যাপারে সুন্নাহর গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে।
শাবান মাসে অধিক রোজার সুন্নাহ
শাবান মাসে অধিক হারে নফল রোজা রাখা সুন্নতে মুয়াক্কাদা বা অত্যন্ত গুরুত্ববহ সুন্নত। রাসুলুল্লাহ (সা.) এই মাসে এত বেশি রোজা রাখতেন যে সাহাবিগণ মনে করতেন তিনি আর রোজা ভাঙবেন না।
আয়েশা (রা.) বর্ণনা করেন, “আমি রাসুলুল্লাহ (সা.)-কে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ এক মাস রোজা রাখতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে বেশি রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি।” (সহিহ বুখারি, হাদিস: ১৯৬৯)
অন্য বর্ণনায় এসেছে, তিনি প্রায় পুরো শাবান মাসই রোজা রাখতেন। তবে ইমাম তিরমিজি (র.)-এর ব্যাখ্যা অনুযায়ী, ‘পুরো মাস’ বলতে এখানে মাসের অধিকাংশ সময়কে বোঝানো হয়েছে। (সুনানে তিরমিজি, ২/১০৬)

