ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৩ আসন নিয়ে নিজের পরিকল্পনা ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব গোলাম মসীহ্।
রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে ‘আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার’ শিরোনামে এ ঘোষণা দেন তিনি।
গোলাম মসীহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কমিউনিটি ফোর্স গঠন, ইউনিয়নভিত্তিক মোটরবাইক প্যাট্রোল ও সিসিটিভি স্থাপন করা হবে। এছাড়া বাজার ও বাসস্ট্যান্ডে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।
দুটি মাদক নিরাময় কেন্দ্র স্থাপন ও সরকারি অফিসে দুর্নীতি রোধে দুদকের সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি। জানান, নারী ও শিশু নিরাপত্তায় দুই থানায় সুরক্ষা ডেস্ক, শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধে নারী কমিউনিটি পুলিশ, বাজার ও বাসস্ট্যান্ডে পৃথক টয়লেট ও বসার ব্যবস্থার পরিকল্পনা রয়েছে তার।
হাতপাখা প্রতীকের প্রার্থী বলেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক ভাতা বৃদ্ধি, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়া স্বাস্থ্যখাতে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে মেডিক্যাল সেন্টারের উন্নয়ন, নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, সিনিয়র সিটিজেনদের জন্য মেডিক্যাল কার্ড ও স্বল্পমূল্যের ডায়ালাইসিস সেন্টার চালু করার কথা উল্লেখ করেন গোলাম মসীহ্।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পরিকল্পনা ও পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম লিখন, সদস্য শাহিন আদনান, সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সোহেল প্রধান, সমন্বয়কারী সৈয়দ রেদোয়ান হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

