ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ভুয়া তথ্য, সার্টিফিকেট ও ডকুমেন্ট ব্যবহার করে কানাডার ভিসার জন্য আবেদন করায় বস্তাভর্তি ৬০০টি বাংলাদেশি পাসপোর্ট ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুরে অবস্থিত কানাডিয়ান হাইকমিশন। পাসপোর্টগুলো প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কাছে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লুৎফে সিদ্দিকী।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে কানাডার ভিসার আবেদন সংক্রান্ত পাসপোর্ট সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে একটি সংঘবদ্ধ দালালচক্র ভুয়া তথ্য, সার্টিফিকেট ও প্রয়োজনীয় ডকুমেন্ট ব্যবহার করে বাংলাদেশি নাগরিকদের নামে কানাডার ভিসার আবেদন করছে। যাচাই-বাছাইয়ে এসব আবেদন সম্পূর্ণ ভুয়া প্রমাণিত হওয়ায় পাসপোর্টগুলো ফেরত পাঠানো হয়েছে।
লুৎফে সিদ্দিকী আরও জানান, ধরা পড়ার আশঙ্কা তৈরি হলে ওই দালালচক্র সংশ্লিষ্ট পাসপোর্ট আর সংগ্রহ করতে যায় না। পরে পাসপোর্ট হারিয়ে গেছে—এ মর্মে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে নতুন পাসপোর্ট সংগ্রহ করে আবারও ভুয়া ভিসার আবেদন করার চেষ্টা চালানো হয়।
তিনি বলেন, বিষয়টি তদন্তে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৬০০টি পাসপোর্টধারী কারা এবং কোন চক্রের মাধ্যমে তারা এই অপকর্মে জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় হাতে গোনা কয়েকজন দালাল জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার বিশেষ দূত আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, বাংলাদেশ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয় না। বরং বিদেশে যত দ্রুত এবং যত বেশি মানুষ পাঠানো যায়, সেদিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়; অভিবাসীদের কল্যাণ উপেক্ষিত থাকে।
তিনি জোর দিয়ে বলেন, এখন আন্তর্জাতিক মহলে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লুৎফে সিদ্দিকী বলেন, লিগ্যাল ও স্কিলড মাইগ্রেশন নিয়ে কাজ করার কথা বলার পাশাপাশি ইতালিয়ান সরকারের সঙ্গে বাংলাদেশের কার্যকর সমঝোতা রয়েছে—এ বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরতে পারলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

