ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি সব সময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির কর্মীরা ভয়াবহ সংকট ও ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যেও অসহায় ও নিপীড়িত মানুষের পাশে থেকেছে। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপি’র মূল রাজনীতি।
রবিবার (২১ জানুয়ারি) রাজধানীর মহাখালী টিভি গেট এলাকায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন,
“যখন শেখ হাসিনা তার প্রবল প্রতাপ দিয়ে বিরোধী দল নিশ্চিহ্ন করার কর্মসূচির অংশ হিসেবে এমন পরিস্থিতি তৈরি করেছিলেন, তখন আমরা দলীয় বা এমনকি সামাজিক কোনো কাজও করতে পারতাম না। আমাদের সামাজিক সেবামূলক কাজগুলোতেও পুলিশ এসে বাধা দিত। কিন্তু তারপরও আমরা সেই কাজগুলো করে গেছি।”
তিনি বলেন,
“গত ১৫–১৬ বছরের অন্যায় শাসনামলে করোনা, বন্যা কিংবা প্রচণ্ড শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি কোনো বছরই আমাদের বাদ যায়নি। সেই ধারাবাহিকতায় আমরা এখনো কাজ করে যাচ্ছি।”
ড্যাবের উদ্যোগের প্রশংসা করে রিজভী বলেন,
“চিকিৎসক সংগঠন ড্যাব প্রতি বছর ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর মতো সমাজসেবামূলক কর্মসূচি পরিচালনা করেছে।”
তিনি আরও বলেন,
“বিএনপি ও তার আদর্শে বিশ্বাসী পেশাজীবী সংগঠনগুলোর একটাই লক্ষ্য— বড় বড় কথা বা ফাঁকা বক্তৃতা নয়, কাউকে হেয় করা নয়, ভিডিও ভাইরাল করে চরিত্র হনন নয়।”
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন,
“বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনেই প্রচারণায় অংশ নিচ্ছেন। তিনি একজন অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতা।”
রিজভী বলেন,
“ফ্যাসিবাদী দুঃশাসনের সময় তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। কিন্তু তারপরও তিনি প্রযুক্তির মাধ্যমে সারা দেশের মানুষের সঙ্গে যোগাযোগ রেখে নেতৃত্ব দিয়েছেন।”
তিনি জানান, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, ২৫ কোটি বৃক্ষরোপণসহ বিভিন্ন বাস্তবভিত্তিক প্রতিশ্রুতি বিএনপি জনগণের সামনে তুলে ধরছে।
ঢাকা মহানগর উত্তর ড্যাব-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সরকার মাহবুব শামীম, ডা. জাহেদুল কবির জাহিদ, ডা. তৌহিদুর রহমান আউয়াল, ডা. গালিব, ডা. আকাশ, ডা. লাবিদ ও ডা. আফিফ।

