ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে এ মৌখিক পরীক্ষা আয়োজন করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব কাগজপত্র নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।
পদের নাম: সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়
মৌখিক পরীক্ষার সময়সূচি: ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
১. অনলাইনে আবেদনের সময় আপলোড করা ছবি।
২. অনলাইন আবেদনপত্রের কপি।
৩. সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
৪. মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার গেজেট এবং মুক্তিযোদ্ধার সঙ্গে সম্পর্কের সনদের সত্যায়িত কপি।
৫. শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক কার্ডধারী) ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ।
৬. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকার প্রার্থীদের জন্য জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত পরিচিতি সনদ।
শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় সব কাগজপত্র ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে। এসব কাগজপত্র ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।
মৌখিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

