ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একটা বাহিনী আছে এনআইডি কার্ড সংগ্রহ করছে। মা-বোনদের বিকাশ নম্বর নিয়ে গেছে। প্রবাসীদের ব্যালট পেপার দখল নিয়েছে। গত ১৫ বছরের নিশিরাতের নির্বাচন ও ভোট ডাকাতির নির্বাচনের কোনো পার্থক্য আছে? তাদের সঙ্গে ওদের কোনো পার্থক্য নেই। দুজন একই গ্রুপের। একজন ষড়যন্ত্র করে ভোট নিতে চায় এবং আরেকজন ডাকাতি করে ভোট নিয়ে গেছে। তাদের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। মা-বোনদের বিভ্রান্ত করার চেষ্টা, এটার ব্যাপারে সজাগ থাকতে হবে।’
শুক্রবার ভোর ৪টায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অভাবী পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দিতে চাই। যাতে তারা স্বাবলম্বী হয়। কৃষকদের জন্য কাজ করতে চাই। যাতে তারা সব রকমের সুযোগ সুবিধা পায়। যারা বেকার আছে দেশে চাকরির ব্যবস্থা করতে হবে। ট্রেনিং দিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে আমরা কাজগুলো করতে পারবো।’
তিনি আরও বলেন, রাষ্ট্রকে পুনর্গঠন ও মেরামত করতে হলে সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। মুসলমান, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ—সবাই হাজার বছর ধরে এ দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে হবে। দেশের মানুষ ভালো একটি পরিবর্তন চায়। একটি নিরাপদ
রাষ্ট্র চায়। যেখানে সবাই নিরাপদে বসবাস, ব্যবসা-বাণিজ্য ও চলাচল করতে পারবে।
জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ জনসভায় সভাপতিত্ব করেন। তারেক রহমানের আগে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি-সমর্থিত জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ এবং যুবদলের সভাপতি মেহেদী আমান মুন্না।

