সহকর্মী ও ভক্তদের অশ্রুসজল ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকাই চলচ্চিত্রের সোনালি দিনের কিংবদন্তি নায়ক ইলিয়াস জাভেদ।
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বুধবার (২১ জানুয়ারি) বাদ মাগরিব রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের আগে উত্তরায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেলে প্রিয় কর্মস্থল বিএফডিসি প্রাঙ্গণে শেষবারের মতো আনা হয় তাকে। এফডিসি মসজিদের কাছে রাখা জাভেদের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন অভিনেতা আলমগীর, উজ্জ্বল, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, ওমর সানী, জয় চৌধুরী এবং চিত্রপরিচালক দেওয়ান নজরুল ও দেলোয়ার জাহান ঝন্টু। এ ছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন প্রযোজক খোরশেদ আলম খসরু, নৃত্য পরিচালক আজিজ রেজাসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আসরের নামাজের পর এফডিসি প্রাঙ্গণে জাভেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপস্থিত সহকর্মীরা তার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণা করে কান্নায় ভেঙে পড়েন। বিকেল ৫টার দিকে ফুলেল শ্রদ্ধায় সিক্ত কফিন নিয়ে তার মরদেহবাহী গাড়িটি উত্তরার উদ্দেশে যাত্রা করে।
উল্লেখ্য, বুধবার বেলা সোয়া ১১টায় উত্তরার নিজ বাসায় ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তারকা। ১৯৬৪ সালে রুপালি পর্দায় অভিষেক হওয়া জাভেদ তার দীর্ঘ ক্যারিয়ারে ‘নিশান’, ‘মালেকা বানু’ ও ‘পায়েল’-এর মতো অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। দাফন শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

