ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপি- জামায়াত- এনসিপিসহ জোট-শরীক দল ও স্বতন্ত্র ৪৭ জন প্রার্থীর মধ্যে মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ২১ জানুয়ারি বুধবার বেলা এগারোটা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ শেষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তবে বেশির ভাগ প্রার্থী প্রতীক বরাদ্দের পর আচরণ বিধি লঙ্ঘন করে অসংখ্য নেতাকর্মীদের নিয়ে মিছিল করে স্লোগান দিতে দেখা গেছে। প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির জানান, ৪৭ জন প্রার্থী প্রার্থী তাদের কাঙ্খিত প্রতীক পেয়েছেন। তবে কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সকলে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

