ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের পাচটি সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র ও বহিষ্কৃত প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এসব প্রতীক দেওয়া হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. দুলাল হোসেন পেয়েছেন জাহাজ প্রতীক।
নারায়ণগঞ্জ-২ আসনে বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুরের আবেদনের ভিত্তিতে তাকে কলস প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থী শাহ আলম হরিণ প্রতীক পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার আবেদনের নিষ্পত্তি করা হয়।
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম পান ঘোড়া প্রতীক। একই সঙ্গে নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির বহিষ্কৃত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন পেয়েছেন ফুটবল প্রতীক।
নারায়ণগঞ্জ-৫ আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ পান ফুটবল প্রতীক।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন এবং শান্তিপূর্ণভাবে ভোটের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

