ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ এলপি গ্যাসের সংকট নিরসন, সংকটের জন্য দায়ীদের শাস্তি ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দাম নির্ধারণের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলার আহ্বায়ক প্রদীপ সরকার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ।
নেতৃবৃন্দ বলেন, সরকার যখন আবাসিকের গ্যাস সংযোগ বন্ধ করেছে তখন থেকে এলপি গ্যাস মানুষের অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে। কিন্তু সম্প্রতি এলপি গ্যাস দুর্লভ হয়ে পড়েছে। ১২ কেজি এলপি গ্যাসের সরকার নির্ধারিত মূল্য ১৩০৬ টাকা। কিন্তু গ্যাস এখন বিক্রি হচ্ছে ২০০০ টাকা থেকে ২৫০০ টাকা। সরকার বলছে এলপি গ্যাস আমদানির ঘাটতির কারণে এমন সংকট হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক গ্যাসের সংযোগ না থাকায় প্রতি বছর এলপি গ্যাসের চাহিদা ১০% বৃদ্ধি পায়। অথচ গত বছর আমদানি কমেছে ১০%। ২০২৪ সালে এলপি আমদানি হয় ১৬.১০ লাখ টন, ২০২৫ সালে হয় ১৪.৬৫ লাখ টন। গত বছর শেষের দিকে ভয়াবহ মাত্রায় আমদানি কমে যায়। অর্থাৎ সরকার জানতো গ্যাসের সংকট হবে। আমদানিকারকরা বলছেন আমরা বাড়তি আমদানির অনুমতি চাইলেও সরকার দেয় নাই। অনেক সংকটের সৃষ্টিকারী অন্তবর্তী সরকার এক্ষেত্রেও ব্যর্থতার পরিচয় দিয়েছে। এলপির ঘাটতির সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী এলপি গ্যাসের দাম দ্বিগুন করে দিয়েছে। ফলে চূড়ান্ত অর্থে জনগণকেই বাড়তি খরচ ও দুর্ভোগ পোহাতে করতে হচ্ছে।
নেতৃবৃন্দ অবিলম্বে এলপি গ্যাসের সংকট নিরসন করা এবং সংকটের জন্য দায়ীদেও শাস্তি দাবি করেন। নেতৃবৃন্দ এলপি দাম সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নির্ধারণ এবং আবাসিকে প্রাকৃতিক গ্যাসের সংযোগ প্রদানের দাবি জানান।

