ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, তা পুনর্বিবেচনার সময় এসেছে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি রোববার (১৮ জানুয়ারি) রাতে বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমাদের কাছে সময় এসেছে পুনর্বিবেচনা করার যে আমরা জাতীয় নির্বাচনে অংশ নেব কি না। এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। পার্টির রাজনৈতিক পর্ষদে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আমাদের ১০ দলীয় ঐক্যের মধ্যে এ বিষয়টি আলোচনা করা হবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন সেই সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা হারিয়েছে যা রাজনৈতিক দল ও জনগণ আশা করেছিল। যদি এইভাবে নির্বাচনের কার্যক্রম এগোয়, তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন সম্ভব হবে না।”
এনসিপি চেয়ারম্যান উল্লেখ করেন, “নির্বাচন কমিশন এক পাক্ষিক রায় দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। এভাবে চললে কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না।”
আসিফ মাহমুদ বলেন, “আপিল শুনানির শেষ দিনে বাইরে ছাত্রলীগের মোবাইল এবং ভেতরে বিএনপি মহাসচিবসহ দলীয় প্রতিনিধিদের সঙ্গে কমিশন বৈঠক করেছে। আমরা এই ঘটনাকে নাটক বলে মনে করি।”
তিনি বলেন, “জোট সঙ্গীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। একই সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তও নেওয়া হবে।”
এনসিপি নির্বাচনে অংশ নেবে কি না পুনর্বিবেচনা করবে: আসিফ মাহমুদ

