ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে নতুন বিতর্কের সৃষ্টি হলো। জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ও ধর্মীয় বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী শিহাব।
গত শুক্রবার (১৬ জানুয়ারি) মামলার আবেদন করা হয় এবং রোববার (১৮ জানুয়ারি) কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এটি গ্রহণ করেছে। মামলার শুনানি আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বাদী ও তার আইনজীবী জানান, আদালত পরবর্তী সিদ্ধান্তের মাধ্যমে মামলার প্রক্রিয়া এগিয়ে নেবে।
মামলার আবেদনে বলা হয়েছে, মুফতি আমির হামজা সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওয়াজ মাহফিলের বক্তব্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে তাকে ‘কুকুর’ হিসেবে সম্বোধন করেছেন।
এছাড়া মামলায় উল্লেখ করা হয়েছে, অন্য একটি ভিডিওতে তিনি বেগম খালেদা জিয়ার নাম বিকৃত করে তার কারাবাস প্রসঙ্গে বিদ্রূপমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আদালতে বলা হয়েছে, এই ধরনের বক্তব্য মরহুম আরাফাত রহমান কোকো এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং বিএনপির কর্মী-সমর্থকদের সামাজিকভাবে অপমানিত করেছে।
বাদী সোলাইমান চৌধুরী শিহাব জানিয়েছেন, “আমি একজন সচেতন নাগরিক হিসেবে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতের আশ্রয় নিয়েছি। সমাজে শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার স্বার্থেই এই পদক্ষেপ গ্রহণ করেছি। এটি কোনো ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক প্রতিহিংসার মামলা নয়।”
এ প্রসঙ্গে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ওয়াজের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি ১৭ জানুয়ারি তার এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৫০০, ৫০১ ও ৫০৬ অনুযায়ী এই ধরনের মানহানিকর বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়।
আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

