ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর নীতি নির্ধারণী ফোরাম। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নীতি নির্ধারণী ফোরামের আলোচনা চলছে।
তবে ১১ দলীয় জোটের বাইরে পড়ে যাওয়া ৪৭টি আসনে কী করা হবে—এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে প্রস্তুত নয় জামায়াতসহ ১০ দল। সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশকে জোটে রাখার চেষ্টা অব্যাহত থাকবে। প্রয়োজনে আজই ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন ১০ দলের নেতারা। শেষ পর্যন্ত সমঝোতা না হলে, ওই ৪৭টি আসনে পরবর্তী আলোচনার ভিত্তিতে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১০ দল ২৫৩টি আসনে পারস্পরিক সমঝোতার ঘোষণা দেয়। তখন জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। কিন্তু পরদিন শুক্রবার (১৬ জানুয়ারি) পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান ২৬৮টি আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি বাকি ৩২টি আসনে অন্যান্য প্রার্থীদের সমর্থন দেওয়ার কথাও জানান তিনি।
ওই সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান বলেন, প্রচলিত আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ব্যর্থ হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইসলামী আন্দোলন আল্লাহর আইন ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে এবং যদি প্রধান রাজনৈতিক শক্তিগুলো প্রচলিত আইনের রাজনীতি চালিয়ে যায়, তাহলে তাদের লক্ষ্য পূরণ হবে না। তিনি জোটবদ্ধ ইসলামী সংগঠনগুলোর প্রতি সম্মান জানালেও জামায়াতের নীতিগত অবস্থান বিষয়ে স্পষ্ট হওয়ার আহ্বান জানান।
এদিকে, শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান খ্রিষ্টান সম্প্রদায়ের একটি সংগঠনের নেতার বরাতে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। এ বিষয়ে আগেই ব্রিফিংয়ের মাধ্যমে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
‘জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে সরে গেছে’—গাজী আতাউর রহমানের এমন মন্তব্যকে বিভ্রান্তিকর দাবি করে জুবায়ের বলেন, এ ধরনের বক্তব্য জনমনে ভুল ধারণা তৈরি করে। তিনি জোর দিয়ে বলেন, জামায়াতে ইসলামী আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন। একই সঙ্গে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়—এমন বক্তব্য থেকে বিরত থাকার জন্য ইসলামী আন্দোলনের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

