ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ প্রতিবেদনের শিরোনামে ‘আজ এই ছুটির দিনেও’ কথাগুলো লেখার মধ্যে কি কোনো বিশেষত্ব আছে? আছে। ঢাকার বায়ুদূষণের উৎসগুলোর মধ্যে যানবাহনের ধোঁয়া এবং কলকারখানার দূষিত বায়ুর বড় ধরনের ভূমিকা থাকে। ছুটির অন্যান্য দিনের মতো আজ শুক্রবার সকালেও যানবাহন খুবই কম। বেশির ভাগ কলকারখানাও বন্ধ। তারপরও ঢাকা গতকাল বৃহস্পতিবারের মতোই আজও বিশ্বের নগরীগুলোর মধ্যে সবচেয়ে দূষিত নগরী হিসেবে চিহ্নিত হয়েছে।
বায়ুদূষণে বিশ্বের নগরীগুলোর মধ্যে চলতি শুকনা মৌসুমে বেশির ভাগ দিন একেবারে শীর্ষে থাকছে ভারতের রাজধানী দিল্লি বা পাকিস্তানের লাহোর ও করাচি। তবে এই দুই নগরীকে ছাড়িয়ে গতকাল সকালের মতো আজও বায়ুদূষণে শীর্ষে আছে ঢাকা। আজ সকাল আটটার দিকে ঢাকার বায়ুমান বা স্কোর ২৭৩। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
তবে নগরীর কিছু এলাকার বায়ুর মান এর প্রায় দ্বিগুণ। কোথাও তা ৪০০ ছাড়িয়ে গেছে। আট স্থানে বায়ুমান খুব খারাপ।
বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। আজ নগরীর দূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শও দিয়েছে আইকিউ এয়ার।
বায়ুদূষণে আজ দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে চীনের সাংহাই ও ভারতের দিল্লি। এ দুই নগরীর স্কোর যথাক্রমে ২৩২ ও ২১৬।
রাজধানী ঢাকার বায়ুদূষণ কমার কোনো লক্ষণ নেই; বরং দিন দিন তা বাড়ছে। গত ডিসেম্বর তো পুরোটাই, চলতি জানুয়ারি মাসেও প্রায় প্রতিদিন বিশ্বের শীর্ষ দূষিত নগরীগুলোর মধ্যে থাকছে ঢাকা।
বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।
দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে; বরং কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফল নেই।
ভয়ানক দূষণ নগরীর ৮ স্থানে
আজ সকালে ঢাকার আট স্থানের বায়ুর মান খুব খারাপ। স্থানগুলো হলো—নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (৪২২), ধানমন্ডি (৩০০), ইস্টার্ন হাউজিং (২৮৫), দক্ষিণ পল্লবী (২৮৫), বে’জ এজওয়াটার (২৮১) , বেচারাম দেউড়ি (২৮০), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ( ২৭৩) ও গোড়ান (২২৪)।
দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হয়েছে। এখনো নানা উদ্যোগ-কথাবার্তা শোনা যায়; কিন্তু বায়ুদূষণ পরিস্থিতি দিন দিন খারাপই হচ্ছে।
সুরক্ষায় নগরবাসী যা করবেন
আইকিউ এয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

