ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি দিনের শুরুতেই জেনে নেওয়া যাক আজ ঢাকায় কোথায় কোন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
রাজনৈতিক অঙ্গনে আজও ব্যস্ত দিন কাটাবে বিএনপির। সকাল ১০টায় মহাখালী আনসার ক্যাম্পের কড়াইবস্তিতে সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। একই সময়ে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
এরপর বেলা সাড়ে ১১টায় খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক কমিটি আয়োজিত শোকসভা ঘিরে সংবাদ সম্মেলন করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। একই দিনে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। পরে সন্ধ্যা ৬টায় গুলশান-২ এ বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি।
গবেষণা ও নীতি বিশ্লেষণ ক্ষেত্রেও আজ রয়েছে গুরুত্বপূর্ণ আয়োজন। সকাল সাড়ে ১০টায় ধানমন্ডিতে নিজ কার্যালয়ে ‘অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা (২০২৬-২০৫০): সিপিডির তাৎক্ষণিক প্রতিক্রিয়া’ শীর্ষক প্রেস ব্রিফিং করবে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
এ ছাড়া বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত হবে ‘আগামী সরকারের জন্য নির্বাচিত নীতি সুপারিশ ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি’ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং। এতে বক্তব্য দেবেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
সব মিলিয়ে, রাজনীতি, গবেষণা ও সামাজিক উদ্যোগ আজ ঢাকায় নানা মাত্রার কর্মসূচিতে ব্যস্ত থাকছে রাজধানী। সংশ্লিষ্ট কর্মসূচিগুলো ঘিরে রাজনৈতিক ও নীতিনির্ধারণী অঙ্গনে বাড়তে পারে আলোচনা ও তৎপরতা।
আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি?জেনে নিন এক নজরে

