ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ পঞ্জিকার পাতায় আজ পৌষ মাসের শেষ দিন। পৌষ সংক্রান্তির এই বিদায়লগ্নে হাড়কাঁপানো শীতের নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগামী দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে। একই সঙ্গে দেশজুড়ে ঘন কুয়াশার দাপট বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা বিশ্লেষণে দেখা যায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রার এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, মাত্র ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে ১০ দশমিক ৮, খুলনায় ১২ দশমিক ৫, বরিশালে ১২ দশমিক ৬ এবং রংপুরে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া সিলেটে ১৪ এবং চট্টগ্রামে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।
দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের অবস্থানের কারণে শীতের এই তীব্রতা আরও অনুভূত হতে পারে। হঠাৎ শুরু হওয়া এই শৈত্যপ্রবাহে জনজীবনে বিশেষ করে উত্তরের জনপদে জবুথবু অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

