ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রাজধানী ঢাকায় শনিবার দিনজুড়ে থাকছে নানা রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি। বিভিন্ন দলের শীর্ষ নেতাদের অংশগ্রহণে একাধিক অনুষ্ঠান ও সমাবেশে মুখর থাকবে নগরী। দিনের শুরুতেই জেনে নেওয়া যাক উল্লেখযোগ্য কর্মসূচিগুলো—
সকাল ও মধ্যাহ্নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। বেলা ১১টায় বনানীর হোটেল শেরাটনে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেবেন তিনি। রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে এ অনুষ্ঠানে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
একই দিনে বিএনপির আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল সাড়ে ৩টায় গুলশানে বিএনপির ‘নির্বাচনী অফিস’ উদ্বোধন করবেন তিনি। আসন্ন নির্বাচন সামনে রেখে দলীয় প্রস্তুতির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে বেলা ১১টায় ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
অন্যদিকে বিকেলে গণ অধিকার পরিষদের একটি কর্মসূচিও রয়েছে রাজধানীতে। ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের আয়োজনে পুরান পল্টনে বিকেল সাড়ে ৩টায় ‘জাগরণী সমাবেশ’ অনুষ্ঠিত হবে। সমাবেশে দলের সভাপতি নুরুল হক নুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
সব মিলিয়ে শনিবার রাজধানীতে রাজনৈতিক কর্মসূচির ঘনঘটায় দিনভর সরব থাকবে ঢাকার বিভিন্ন এলাকা।
শনিবার ঢাকায় উল্লেখযোগ্য কর্মসূচি

