ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত সাবেক যুবদল ও ছাত্রদল নেতাসহ ৮জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ফতুল্লার শিহাচর হাজীবাড়ি মোড় এলাকায় ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ইউনুস মাস্টার ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় বিকট শব্দে বোমা বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে এলাকাবাসী ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন। এসময় উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষে জড়ান। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এই ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে উভয় গ্রুপের ৮ জনকে আটক করেছে। আটকরা হলেন- কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ।
এসময় ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ইউনুস মাস্টার কৌশলে পালিয়ে যান। আটকদের কয়েকজনের কাছ থেকে গাঁজা ও হেরোইন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিহাচর হাজীবাড়ি মোড় এলাকায় ইউনুস মাস্টার ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকার কলকারখানার ওয়েস্টেজ মাল ও ভূমি দস্যুতা, মাদক ব্যবসা, ছিনতাই এবং এলাকার মাতব্বরী নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে শনিবার দুপুর থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, উভয় গ্রুপের ৮ জনকে আটক করা হয়েছে। তাদের কয়েকজনের কাছ থেকে গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে বিস্ফোরিত বোমার কিছু অংশ। এ বিষয়ে ঊর্ধ্বতন অফিসারদের জানানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

