ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় সৃষ্ট উত্তেজনা এবার চূড়ান্ত রূপ নিয়েছে। ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিদ্ধান্ত ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
আজ বুধবার বিকেল ৪টায় সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ফারুক আহমেদসহ বোর্ডের শীর্ষ স্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন। মুস্তাফিজ ইস্যু এবং ভারতের বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে দীর্ঘ আলোচনার পর বোর্ড এই কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
বৈঠক শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানান, “ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা আমাদের অবস্থানে অনড়। আমরা আজ অথবা কালকের মধ্যে আইসিসিকে পুনরায় চিঠি দেব। আমাদের ক্রিকেটারদের জীবনের নিরাপত্তা সবার আগে।”
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসির ভূমিকার সমালোচনা করে বলেন, আইসিসি থেকে পাওয়া চিঠিতে মনে হয়েছে তারা বাংলাদেশে উদ্ভূত বর্তমান পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে পারেনি। তিনি বলেন, “আইসিসি যে মেইল পাঠিয়েছে, তা দেখে মনে হয়েছে তারা ভারতে আমাদের ক্রিকেটারদের জন্য তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকিটি এখনো পুরোপুরি বুঝতে পারছে না। এই পরিস্থিতিতে কোনোভাবেই দলকে সেখানে পাঠানো সম্ভব নয়।”
উল্লেখ্য, বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ৪টি ম্যাচই ভারতের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন এবং ক্রিকেটারদের প্রতি হুমকির মুখে বিসিবি এই ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবি তুলেছে।

