ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সাধারণত খুব কমই ব্যক্তিগত সাক্ষাৎকার দেন লিওনেল মেসি। সম্প্রতি লুজু টিভি নামের একটি স্ট্রিমিং চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান আর্জেন্টাইন এই সুপারস্টার। এই আলাপচারিতায় ফুটবলের বাইরেও নিজের পরিবার, ব্যক্তিত্ব এবং ব্যক্তিগত অভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
নিজের ব্যক্তিত্ব নিয়ে মজা করে বলেন, ‘আমার ভেতরে এমন একটা দিক আছে, যেখানে আমি অসম্ভব রকমের অদ্ভুত। একা থাকতে আমি খুব উপভোগ করি।’ নিজেকে খুব গুছানো মানুষ বলেও উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকারে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন মেসি। নিজেকে রোমান্টিক হিসেবে বর্ণনা করলেও খুব বেশি আবেগ প্রকাশ করতে পারেন না বলে জানান তিনি। মেসির ভাষায়, ‘আমি রোমান্টিক, কিন্তু খুব বেশি দেখাতে পারি না।’
মেসি স্বীকার করেন, সমস্যাগুলো নিজের ভেতরেই চেপে রাখার প্রবণতা তার আছে। তার কথায়, ‘আমি সবকিছু নিজের মধ্যে জমিয়ে রাখি, সমস্যাগুলো গিলে ফেলি। অনেক বদলেছি, তবুও কিছুটা এমনই আছি।’ তিনি জানান, বার্সেলোনায় খেলার সময় থেরাপিও নিয়েছিলেন।
মাঠের খারাপ সময়গুলোতেও নিজের সঙ্গে কঠোর আচরণ করেন মেসি। তিনি বলেন, ‘অনেক ম্যাচে আমি খুব খারাপ খেলেছি, একের পর এক সুযোগ নষ্ট করেছি। তখন নিজের ভেতরেই নিজেকে সব কথা শুনিয়েছি।’
জাতীয় দল থেকে সাময়িক অবসর নেওয়ার সময়টিও তাকে ভীষণ কষ্ট দিয়েছিল বলে জানান মেসি। ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে টানা তিনটি ফাইনাল হারার পর আর্জেন্টিনা দল ছাড়ার সিদ্ধান্তের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমি ভীষণ অনুতপ্ত ছিলাম। জাতীয় দলের ম্যাচ দেখলেই খারাপ লাগত। সৌভাগ্যক্রমে আমি আবার ফিরতে পেরেছি।’
তরুণদের উদ্দেশে পরামর্শ দিতে গিয়ে মেসি বলেন, ‘সবচেয়ে বড় উদাহরণ হলো কখনও হাল না ছাড়া। যেকোনো কিছুর জন্য চেষ্টা করে যেতে হবে। পড়ে গেলে আবার উঠতে হবে। আর যদি না-ও হয়, অন্তত জানবে যে নিজের স্বপ্নের জন্য তুমি সবকিছু দিয়েছ।’
আলাপচারিতায় নিজের নাচের অনীহা নিয়েও কথা বলেন এই তারকা। মেসির ভাষায়, তিনি সাধারণত নাচেন না, ‘শুধু তখনই নাচি, যখন একটু নেশাগ্রস্ত থাকি।’
প্রিয় পানীয় হিসেবে ওয়াইনের কথা উল্লেখ করে মেসি মজা করে বলেন, মাঝে মাঝে তিনি সেটার সঙ্গে স্প্রাইট মেশান, ‘যাতে একটু দ্রুত কাজ করে।’

