ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সহপাঠী হত্যার প্রতিবাদ-বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধের কারণে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তি পোহাতে হয়েছে। রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে কয়েকশ’ শিক্ষার্থী ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কে অবস্থানের ফলে এমনটি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে সড়কে বসে পড়েন। তাদের অবস্থানের কারণে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভের কারণে ফার্মগেট, কাওরানবাজার, তেজগাঁও, পান্থপথসহ সংশ্লিষ্ট এলাকার সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
নিহত রানার বন্ধু হাবিব রহমান বলেন, আমরা রানা হত্যার বিচার চাই। এর আগেও আমরা সড়ক অবরোধ করেছিলাম এবং কর্তৃপক্ষের আশ্বাসে তা তুলে নিয়েছিলাম। কিন্তু চিহ্নিত খুনিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা আন্দোলন চালিয়ে যাব। হাবিব জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে, তারা এখনো আইনের আওতার বাইরে।
অবরোধের কারণে সড়কে আটকে ছিলেন কাজী রফিক। তিনি বলেন, মোহাম্মদপুর থেকে সকাল ৯টা ১০ মিনিটে কাওরানবাজারের উদ্দেশে রওনা হন তিনি। খামারবাড়ি এসে আটকে যায় তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা। পরে অটোরিকশাটি ইন্দিরা রোডের দিকে চলে যায়।
ইন্দিরা রোডে তীব্র যানজটে অনেকক্ষণ আটকে থাকে অটোরিকশা, এক পর্যায়ে তিনি হেঁটে কাওরানবাজারে আসেন। সকাল ১০টা ৫০ মিনিটে অফিসে পৌঁছান তিনি। অর্থাৎ ১ ঘণ্টা ৪০ মিনিট লেগেছে। অথচ, তার সাধারণত ৩০ মিনিটের মতো সময় লাগে আসতে।
পুলিশ জানায়, গত বছরের ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। আহত হওয়ার চার দিন পর ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীরা আগেও সড়কে নেমেছিলেন। রবিবার আবার নামলেন।
এদিকে আন্দোলনের ঘোষণাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কলেজের প্রধান ফটক, ফার্মগেটমুখী সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈনু বলেন, সহপাঠী হত্যার বিচারের দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ফার্মগেটে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ তীব্র যানজট

