ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নিকোলা মাদুরোকে বহনকারী একটি হেলিকপ্টার নিউইয়র্কের আদালতের কাছের একটি হেলিপোর্টে অবতরণ করেছে। আজ সোমবার তাঁকে ওই আদালতে হাজির করার কথা রয়েছে।
আজ কিছুক্ষণ আগে মাদুরো হেলিকপ্টারে তোলা হয়। তখন তাঁর পরনে ছিল বাদামি রঙের পোশাক এবং উজ্জ্বল কমলা রঙের জুতা। অবতরণের পর তাঁকে বিশেষ পাহারায় একটি ভ্যানে তুলে নেওয়া হয়।
সেখান থেকে মাদুরোকে নিয়ে আদালতের উদ্দেশে যাত্রা করার কথা।
গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলায় অন্তত ৮০ জন নিহত হয়েছে
ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে দ্য নিউইয়র্কের টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভিযানে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। অন্যদিকে, প্রতিবেশী দেশ কিউবা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় তাঁদের সামরিক কর্মকর্তাসহ অন্তত ৩২ নাগরিক প্রাণ হারিয়েছেন। মাদুরোর নিরাপত্তায় কিউবার সামরিক ও গোয়েন্দা বিভাগের সদস্যরা ছিলেন বলে জানা গেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়েছিল, অভিযানে নিজেদের কয়েকজন আহত হলেও কেউ নিহত হননি।
মাদুরোর সঙ্গে তাঁর স্ত্রীকেও আদালতে হাজির করা হচ্ছে
নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বহনকারী একটি গাড়ি নিউইয়র্কের ম্যানহাটনের আদালত ভবন এলাকায় পৌঁছেছে। সেখানেই আজ মাদুরো ও তাঁর স্ত্রীকে হাজির করার কথা।
ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরোকে
নিকোলা মাদুরোকে নিউইয়র্কে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে। স্থানীয় সময় আজ দুপুরের দিকে বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের আদালতে তাঁকে নেওয়া হতে পারে।
মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিবি) নামের আটককেন্দ্রে রাখা হয়েছিল। সেখান থেকে আজ তাঁকে আদালতে নেওয়া হচ্ছে।

