ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক ঘোষণা করেছে, ভেনেজুয়েলার জনগণ আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কের ব্রুকলিন ডিটেনশন সেন্টারে রাখা হওয়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এবং স্টারলিংকের সোশ্যাল মিডিয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্টারলিংক জানিয়েছে, এই সময়ে ভেনেজুয়েলার নাগরিকরা কোনও খরচ ছাড়াই উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, যা জরুরি তথ্য, শিক্ষামূলক উপকরণ ও যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ হবে।
স্টারলিংকের এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়েছে, “মার্কিন হামলার ফলে উদ্ভূত পরিস্থিতিতে আমরা ভেনেজুয়েলার জনগণকে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে চাই। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট প্রদান করা হবে।”
ভেনেজুয়েলায় বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক

