ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর বিকেলে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে সংশ্লিষ্ট নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি ও জোটের প্রার্থী মাওলানা মনির হোসেন কাসেমীকে মেনানয়ন দেওয়া হয়েছে। অপর দিকে শাহ আলম নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থী হযে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অনড়। যে কোন মূল্যে তিনি নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছিলেন।
অপরদিকে গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ এ দুটি আসনে মনোনয়নপত্র জমা দেন। তিনি দুটিতেই নির্বাচন করবেন জানিয়েছেন। শাহআলম ও গিয়াসউদ্দিন ছাড়াও নারায়ণগঞ্জ-৪ আসনে রিপাবলিকান পার্টির হয়ে নির্বাচনে অংশ নিবেন জানিয়েছেন মোহাম্মদ আলী।
গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৪ ছাড়াও নারায়ণগঞ্জ-৩ আসনে লড়বেন। সেখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন আজহারুল ইসলাম মান্নান।

