ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিপিএলের অভিষেক আসরে হারের হ্যাটট্রিক পূর্ণ করল নোয়াখালী এক্সপ্রেস। মাঠের পারফরম্যান্সে বদল আনতে আজ নেতৃত্বের ব্যাটন সৈকত আলীর বদলে হায়দার আলীর হাতে তুলে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু তাতেও ভাগ্য ফেরেনি তাদের।
বোলারদের দারুণ নৈপুণ্যের পর মুশফিকুর রহিম ও ইয়াসির আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে নোয়াখালীকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করল নাজমুল হোসেন শান্তর দল।
সিলেটে আজ টস জিতে আগে ব্যাট করতে নেমে রাজশাহীর বোলারদের তোপে পড়ে নোয়াখালী। বিশেষ করে তরুণ পেসার রিপন মন্ডলের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। চার ওভার বল করে মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে নোয়াখালীকে অল্পতেই থামিয়ে দেন রিপন। দলের পক্ষে নতুন অধিনায়ক হায়দার আলী সর্বোচ্চ ৩৩ রান করলেও বাকিদের ব্যর্থতায় ১২৪ রানের বেশি তুলতে পারেনি নোয়াখালী। রিপন তার নিয়ন্ত্রিত বোলিংয়ে একটি মেডেনসহ ১৮টি ডট বল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি রাজশাহীর হাতে তুলে দেন।
জবাব দিতে নেমে শুরুতেই ওপেনার শাহিবজাদা ফারহানকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল রাজশাহী। তবে দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬৫ রানের জুটি গড়ে জয়ের পথ সহজ করে দেন। তানজিদ ২৯ এবং শান্ত ২৪ রান করে বিদায় নিলে মাঝে দ্রুত কিছু উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছিল দলটি। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বি পঞ্চম উইকেটে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১৩ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ২৮ রানে অপরাজিত থাকেন মুশফিক আর ২৩ রান আসে ইয়াসিরের ব্যাট থেকে। নোয়াখালীর পক্ষে হাসান মাহমুদ ২ উইকেট নিলেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

