ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তিন দিনের শোক ঘোষণা করেছে। সেই কারণে মঙ্গলবার অপরাহ্নের পাশাপাশি বুধবার ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত কলেজ এবং ইনস্টিটিউট কেন্দ্রের সকল পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিতকৃত পরীক্ষার নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে।
ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী জানান, রাজধানীর সরকারি সাত কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাই এসব কলেজের পরীক্ষাও স্থগিত থাকবে। পরবর্তীতে পরীক্ষা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন সূচি নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। দীর্ঘদিন কিডনি ও হৃদরোগে ভুগেছেন তিনি; নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় এক মাস ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

