ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই তালিকায় মোট ছুটির পরিমাণ আগের বছরের তুলনায় ১২ দিন কমানো হয়েছে। একই সঙ্গে পবিত্র রমজান মাসের প্রায় পুরোটা সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এই শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করা হয়।
রোজায় স্কুল খোলা নিয়ে যা জানানো হলো: প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে।
তবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার কথা রয়েছে। সেই হিসেবে রোজা শুরু হলেও ২১ রমজান পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস করতে হবে। অর্থাৎ রোজার বড় একটি সময় স্কুল খোলা থাকছে।২০২৫ সালে মোট ছুটি ছিল ৭৬ দিন, যা ২০২৬ সালে কমিয়ে ৬৪ দিন করা হয়েছে।২০২৫ সালে রমজান ও ঈদ মিলিয়ে ২৮ দিন ছুটি থাকলেও ২০২৬ সালে তা কমিয়ে ১৯ দিন (৮ থেকে ২৬ মার্চ) করা হয়েছে।
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি ১৫ দিন থেকে কমিয়ে ১২ দিন (২৪ মে থেকে ৪ জুন) করা হয়েছে। শবেমেরাজ, জন্মাষ্টমী এবং আশুরাসহ বেশ কিছু ধর্মীয় দিবসের ছুটি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
ছুটির তালিকার পাশাপাশি পরীক্ষার সম্ভাব্য তারিখও ঘোষণা করা হয়েছে:
অর্ধ-বার্ষিক পরীক্ষা: ২৬ জুন থেকে ১০ জুলাইয়ের মধ্যে। ফল প্রকাশ ২৯ জুলাই।
নির্বাচনী পরীক্ষা: ২৯ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে। ফল প্রকাশ ১৮ নভেম্বর।
বার্ষিক পরীক্ষা: ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে। ফল প্রকাশ ৩০ ডিসেম্বর।
জুনিয়র বৃত্তি পরীক্ষা: ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ছুটির সংখ্যা কিছুটা সমন্বয় করা হয়েছে।

