ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ।
সোমবার দুপুর ১২ টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন গোলাম মসীহ। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম, জেলা সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, মাও. ছানাউল্লাহ নূরী, ফারুক আহমাদ মুন্সী প্রমুখ নেতৃবৃন্দ।
গোলাম মসীহ বলেন, আমরা বর্তমান সরকারের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করছি। নির্বাচন, ভোট নিয়ে বিগত দিনের তিক্ততা আর দেশের জনগণ দেখতে চায় না। নাগরিক হিসেবে প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত রাখতে হবে। নির্বাচনের পরিবেশ সকলের জন্য সমান অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

