ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নকল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে অন্তত কোটি টাকার বেশি মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কারখানাটিতে কর্মরত দুই যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে অভিযান চলমান রয়েছে। আটকরা হলেন- ফরিদপুর জেলার আলম খানের ছেলে মিন্টু খান (৩৮) ও একই জেলার কামাল মিয়ার ছেলে মোহাম্মদ মুন্না ইসলাম (২১)।
জানা গেছে, নারায়ণগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক বাসস্ট্যান্ডের পেছনে ভান্ডারী হোটেল সংলগ্ন সবুজ ওরফে মোতাহার নামের এক ব্যক্তি একটি কারখানা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প বানিয়ে আসছিলেন। যা তিনি দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে এ প্রতারণার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কারখানাটিতে অভিযান পরিচালনা করে স্ট্যাম্প তৈরির দুটি মেশিন ও কোটির চেয়ে বেশি টাকা মূল্যের স্ট্যাম্প উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটির ভবন মালিক মৃত এমাদ হাজী।
অভিযান চলমান আছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক।

